শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

স্মৃতির পাতায় অম্লান ‘মনি উকিল’ ॥ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

নিজস্ব প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
স্মৃতির পাতায় অম্লান ‘মনি উকিল’ ॥ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁদের কর্ম, আদর্শ ও ভালোবাসা মানুষের হৃদয় থেকে কখনো মুছে যায় না। সময়ের স্রোতে ১৬টি বছর পেরিয়ে গেলেও স্মৃতির পাতায় আজও অম্লান হয়ে আছেন চাঁপাইনবাবগঞ্জের পরিচিত ব্যক্তিত্ব বর্ষিয়ান বিএনপি নেতা, বিশিষ্ট আইনজীবী, বরেণ্য সমাজ সেবক, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)।


তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ১৬তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে মনি উকিল স্মৃতি পরিষদের আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক  শাহনেওয়াজ খান সিনার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া (জাকা), স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যক্ষ ডা. এ কে এম সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান বিশু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ। সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়ের আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন। এসময় আরও বক্তব্য রাখেন,


বীর মুক্তিযোদ্ধা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু,  জেলা জাসাস এর সভাপতি মোহাঃ জোনাব আলী,  এ্যাড. মোঃ ফরিদ আহমেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিলুর রহমান সোহেলসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা আব্দুর রহমান অনু। আলোচনা সভায় প্রয়াত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর স্মৃতিচারণ এবং তাঁর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একজন মানুষের প্রকৃত পরিচয় শুধু তাঁর পদ-পদবি কিংবা পরিচিতিতে সীমাবদ্ধ থাকে নয়, মানুষের হৃদয়ে তিনি কতটা জায়গা করে নিতে পেরেছেন, সময়ই তার সাক্ষ্য দেয়। মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এ স্মরণসভা যেন সেই চিরন্তন সত্যকেই আবারও স্মরণ করিয়ে দেয়। মৃত্যু তাঁকে শারীরিকভাবে দূরে সরিয়ে দিলেও তাঁর স্মৃতি ও ভালোবাসা আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের হৃদয়ে। আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রয়াত সুলতানুল ইসলাম মনি উকিল এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এবং শ্রদ্ধাভরে স্মরণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফকিরপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন আয়োজনকারী ও শুভাকাঙ্খীরা। বিকেল আড়াই টায় নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে কুরআনখানি করা হয়।


উল্লেখ্য, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানুল ইসলাম মনি উকিল ২০১০ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। জেলার তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে এবং বহু নতুন নেতৃত্ব তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর স্মৃতির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘সুলতানুল ইসলাম (মনি উকিল) স্মৃতি পরিষদ’ গঠিত হয়েছে এবং শহরের একটি পরিচিত মিলনায়তন তাঁর নামে নামকরণ করা হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসে জেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে তাঁর মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা পালিত হয়। অ্যাডভোকেট এ.এফ.এম সুলতানুল ইসলাম মনি (স্থানীয়ভাবে মনি উকিল নামে পরিচিত) ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন প্রখ্যাত আইনজীবী, প্রবীণ রাজনীতিক এবং সমাজসেবী। পেশায় তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দীর্ঘকাল আইন পেশায় নিয়োজিত ছিলেন।


বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও সমাজসেবী এ.এফ.এম সুলতানুল ইসলাম মনি ওরফে মনি উকিল ১৯৪০ সালের ২৪ জানুয়ারী তৎকালীন মালদহ জেলার (চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের কিছু অংশ) কালিয়াচক থানার কুন্ডিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪৭-দেশ বিভাগ পরবর্তী সময়ে পরিবারসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় স্থায়ীভাবে চলে আসেন সুলতানুল ইসলাম মনির পিতা কাশিমুদ্দিন আহমেদ। সেই থেকেই চাঁপাইনবাবগঞ্জে সুলতানুল ইসলাম মনির বিচরণ ও জীবনযাপন।