সোমবার, আগস্ট ১৭, ২০২৭

শাপলা চত্বর মামলা ॥ প্রসিকিউশনে খসড়া প্রতিবেদন জমা-মতবিনিময়ে হেফাজত নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন সারাদেশ
বিশেষ প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন
শাপলা চত্বর মামলা ॥ প্রসিকিউশনে খসড়া প্রতিবেদন জমা-মতবিনিময়ে হেফাজত নেতৃবৃন্দ

মতিঝিলের শাপলা চত্বরে তের বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম রোববার গণমাধ্যমকে জানান, প্রতিবেদন পেয়েছি বলতে, আমাদের কাছে একটা খসড়া দিয়েছে। ফাইনাল পাইনি। আমরা এটা নিয়ে পর্যালোচনা করে দেখছি। খসড়া প্রতিবেদনে কী তথ্য এসেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, রিপোর্ট নিয়ে আমরা এখনই বলতে পারব না। কারণ এটা হল একেবারেই খসড়া। এদিকে, মামলার অগ্রগতি জানতে প্রসিকিউশনের আইনজীবী দলের সঙ্গে মতবিনিময় করতে আসেন হেফাজতের নেতারা। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তারা আমাদের সাথে মতবিনিময় করবেন। এরপরে আমরা ফাইনাল রিপোর্টটা আসার সাপেক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করব। আপাতত উনারা আমাদের অগ্রগতি জানতে আসছেন, আমরা জানাব। এর আগে গত ৮ জুলাই প্রধান কৌঁসুলি জানিয়েছিলেন, ১৩ বছর আগের ওই ঘটনার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে এবং খসড়া প্রতিবেদন যাচাই-বাছাই চলছে। সে সময় তিনি বলেছিলেন, ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে ২১ জুলাই বিচার কাজ শুরু হলে তদন্ত প্রতিবেদন দাখিল সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ফরমাল চার্জ) জমা দেওয়া হবে। এ মামলায় আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও অনেকের নাম উঠে এসেছে। এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলেছিলেন চিফ প্রসিকিউটর। শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। চব্বিশের আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় ৩২ জনের প্রাণহানির তথ্য দেয়। পরদিন প্রধান কৌঁসুলি জানান, এ মামলায় শেখ হাসিনাসহ ২৮ থেকে ৩০ জন আসামি হতে পারেন। মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। গত ৫ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এছাড়া চলতি বছরের ১৪ মে এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকেও গ্রেপ্তার দেখানো হয়।