শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

সৌরভ সোহরাব-সিংড়া ২০ জুলাই ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন সারাদেশ
সৌরভ সোহরাব-সিংড়া ২০ জুলাই ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন
সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলার ২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ বিয়াশ থেকে রাতাল পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে এই বৃক্ষরোপণ করা হচ্ছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাতরা ব্রীজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে এই একই কর্মসূচীর আওতায় ডাহিয়া ইউনিয়নের তাড়াই থেকে একশিং রাস্তাতেও সফলভাবে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন,  নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সিংড়ার প্রতিটি ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল রাস্তার পাশে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীকে তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।’