বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৭

নাচোলের ছেলের বোলিং ঘূর্ণিতে নতুন কুড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী

স্টাফ রিপোর্টার-নাচোল ২৫ জুলাই ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার-নাচোল ২৫ জুলাই ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন
নাচোলের ছেলের বোলিং ঘূর্ণিতে নতুন কুড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষুদে প্রতিভাবান শামীম নতুন কুড়ি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের হয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। ভিন্ন স্টাইলে বল করে হয়েছেন অধিক জনপ্রিয়। বর্তমানটা কিছুটা মসৃণ হলেও অতীতের পথচলাটা তার মোটেও সহজ ছিলনা। জানা গেছে, নাচোলের ছোট্ট এক গ্রাম দেওপাড়ায় জন্ম শামীমের। ছয় সদস্যের পরিবার ও একমাত্র উপার্জনক্ষম ভ্যানচালক বাবার টানা হেঁচড়ার সংসার, যেখানে বড় হওয়ার স্বপ্ন দেখাটা নিছক বিলাসিতা। অভাব, টানাপোড়ান থাকলেও শান্ত স্বভাবের শামীমের ছিল ক্রিকেটের প্রতি প্রগাঢ় টান। সাবেক ব্যতিক্রমী শ্রীলঙ্কান বোলার সুনীল নারায়ন তার প্রিয় খেলোয়াড়। একদিন ভ্যান চালাতে না পারলে যে সংসারে ঠিকমত খাবার জোটেনা, সে পরিবারে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা অনেকটা আকাশ কুসুম চিন্তা করার মত। কিন্তু কথায় আছে না, প্রতিভাকে কি দাবিয়ে রাখা যায়! বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নকে বুকে নিয়ে ছোট্ট শামীম পাড়ার জীর্ণশীর্ণ একটা ক্রিকেট একাডেমি নাচোল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এন.কে.এস.পি)-তে ভর্তি হন। শুরু হয় তার ক্রিকেটীয় যুদ্ধ। নানারকম প্রতিবন্ধকতা আর অপর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়েই শুরু হয় শামীমের ক্রিকেটিও পথচলা। শামীমের কোচ পান্না বলেন, শামীমের অসাধারণ ব্যতিক্রমী প্রতিভা তাকে অনন্য করে তুলেছে। সঠিক পরিচর্চা ও পৃষ্ঠপোষকতা পেলে একদিন সে দেশের হয়ে মুখ উজ্জ্বল করবে। এনকেএসপির পরিচালক তৌহিদুল ইসলাম শাহীন বলেন, এমকেএসপি প্লে গ্রাউন্ডটি খুবই ছোট। প্রশাসনিক সহায়তায় মাঠটি প্রসস্থ করলে ও সমাজের বিত্তশালী মানুষ শামিম এর মত অনেক প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ালে এরা একদিন জাতীয় দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন। এনকেএসপি’র প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম বলেন, এই মুহূর্তে একটি স্টেডিয়াম বা মাঠের খুবই প্রয়োজন। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এমন শামীম প্রতিটা ঘরে ঘরে গড়ে উঠবে। শামীমের স্বপ্ন এখন জাতীয় দলের হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই স্বপ্ন পূরণে শামীম সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।