বিয়ের দাবিতে হবিগঞ্জে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। উপজেলার মুড়িয়াউক গ্রামের পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে রায়হান মিয়ার (২৫) বাড়িতে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী সুখী আক্তার (২০) দাবি করেন, রায়হানের প্রলোভনে পড়ে তিনি তাঁর আগের সংসার ছেড়ে চলে আসেন। গত দুই বছর ধরে রায়হানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল। সুখী আক্তারের বাড়ি একই উপজেলার পূর্ব সিংহ গ্রামে। সুখী আক্তারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে প্রায় আড়াই মাস আগে রায়হান তাঁকে ঢাকার একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাঁরা এক সপ্তাহের বেশি সময় একসঙ্গে অবস্থান করেন। এ সময় তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও দাবি করেন তিনি। তবে এরপর রায়হান তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একটি সালিশের তারিখ নির্ধারণ করা হলেও রায়হান সেখানে উপস্থিত হননি বলে জানান সুখী আক্তার। বুধবার (১৩ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রায়হানের আশ্বাসের কারণেই আমার আগের সংসার ভেঙেছে। সে যদি আমাকে বিয়ে করে ঘরে না তোলে, তবে আমি এই ছেলের বাড়িতেই মরব।” এদিকে, ঘটনার পর থেকে রায়হানের ঘর তালাবদ্ধ রয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার পর তিনি বাড়ি থেকে চলে গেছেন এবং তাঁর অবস্থান জানা যাচ্ছে না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নূর আলম বলেন, “তরুণীর অনশনের বিষয়টি আমি জেনেছি। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”