নাচোলে ৬ বছরের শিশুকে ধর্ষণ-ধর্ষক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের এজাহারের ভিত্তিতে নাচোল থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কসবা ইউনিয়নের পলিথিন মোড় এলাকার বাসিন্দা আক্তারা বেগমের ৬ বছরের শিশুকন্যা রোজাকে দূপুর দেড়টায় ১৩ই আগস্ট প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় একই গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: ইমন (১৪)। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা আক্তারা বেগম বাদী হয়ে নাচোল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৭, তারিখ- ১৩/০৮/২০২৬)। ঘটনার পরপরই নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর ইমনকে (১৪) আটক করে। এদিকে, ঘটনার শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছে, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।