চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসি’র লিফলেট বিতরণ
মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুম্মা নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর নতুন রোডপাড়া জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর দিক, মাদকাসক্তির ভয়াবহতা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। “মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।” তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।