সোমবার, আগস্ট ১৭, ২০২৭

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

সৌরভ সোহরাব-সিংড়া ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন জাতীয়
সৌরভ সোহরাব-সিংড়া ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত


 ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। পরবর্তীতে উপজেলা প্রশাসনিক হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির  বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, "মৎস্য সম্পদ আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে পারলে সিংড়া উপজেলাকে মৎস্য সম্পদে আরও স্বাবলম্বী করা সম্ভব।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশফিকুর ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। কর্মসূচিতে স্থানীয় মৎস্য চাষী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।