সোমবার, আগস্ট ১৭, ২০২৭

রাজশাহীতে ডিএনসির অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন সারাদেশ
রাজশাহী প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে ডিএনসির অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


ডিএনসি রাজশাহী জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল লক্ষীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ পরিদর্শক আল আমিনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় আভিযানিক দলটি রাজপাড়া থানার ম্যাংগো টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এসময় আসামিদের কাছে থাকা পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ থেকে সর্বমোট ২১০০ পিস কমলা রঙের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।