বুধবার, আগস্ট ১৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি ॥ ১৯ আগস্ট ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৯ আগস্ট ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কর্মসূচীর মধ্যে ছিলো, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহীদ সাটু কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা হয়। ‘গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের’ ধারা বজায় রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী রুমন। আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান ওখিল, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জাম আক্তার, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জসি, ফরিদ আহমেদ ফিরোজ, তন্ময় আহমেদ, ফজলে রাব্বি, মেহেদী আল হাসান ইমন ও সাদমান সাকিব লিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলার নয়টি ইউনিটের প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের অতীতের সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে দেশ ও জনগণের সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। পরে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকাল সোয়া ১০টায় শহীদ সাটু হল অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান অকিল, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব আরাফাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, অগ্রগতি’, এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।