শিবগগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি-পুলিশের অভিযানে ১৯টি ককটেল উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর রঘুনাথপুর বিওপির টহলদল এ অভিযান চালায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুঃলভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের একটি বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে একটি কালো বালতির মধ্যে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবির টহলদল।
পরে ঘটনাস্থল ঘিরে রেখে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করছে বলেও জানান ৫৩ বিজিবি অধিনায়ক।