চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা ॥ আবারও ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি ৬৩ ॥ মোট আক্রান্ত ২ হাজার
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুর ভয়াবহতা চরমে পৌছেছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অর্ধশতাধিকের বেশী রোগী। আবারও নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৩ জন। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রকাশিত ৪ অক্টোবর/২৬ তারিখের দৈনিক ডেঙ্গু রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে পুরুষ ৩৫ জন ও নারী ২৮ জন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫৬ জন (পুরুষ ২৮, নারী ২৮), শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন (পুরুষ ১), গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন (পুরুষ ১), নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন (পুরুষ ২) এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন (পুরুষ ৩) ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হননি। প্রতিবেদনে জানানো হয়,
২০২৬ সালের ১ জানুয়ারি/২৬ থেকে ৪ অক্টোবর/২৬ পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে সর্বমোট ১১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৬৮ জন এবং নারী ৪৭ জন। সবচেয়ে বেশি ৯৩ জন রোগী ভর্তি রয়েছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ছাড়া শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৫ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন (রিলিজ) ৪৪ জন রোগী এবং কাউকে রেফার্ড করা হয়নি। এদিকে, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। শনিবার তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহবুব হাসানসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।