শিক্ষা প্রতিষ্ঠানে এবছর দুর্গাপূজায় লম্বা ছুটি
এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষার্থীদের জন্য মিলছে দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে টানা ছুটির মেয়াদ হতে পারে ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন। তবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির সূচি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে এই সময়সীমায় কিছুটা কম-বেশি হতে পারে। ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। একইভাবে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক বন্ধ। এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষীপূজার ছুটি থাকলে, ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্র্নিধারণ করতে পারে। কলেজের ক্ষেত্রে ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই হিসাবের বাইরে। ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির পর ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাবেন। এদিকে, দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবছর বাড়ানো হয়েছে।