চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে মাদক সহ ৫জনকে গ্রেফতার করেছে। সদর উপজেলার সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়ায় গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ীর মোঃ দুখু মিয়ার ছেলে মোঃ সোহাগ আলী (৩০), একই গ্রামের মোঃ আঃ কাদির এর ছেলে মোঃ সারোয়াল (২২)। ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের খাসপাড়া আগরপুর গ্রামে অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ভোলাহাট উপজেলার পাঁচ টিকরী (হাঁসপুকুর) এলাকার ফিরজ আলী (৪৬), হাউসপুর এলাকার রাজু (২৮) এবং একই এলাকার সাইরুল ইসলাম (২৭)। জেলা পুলিশের এক প্রেসনোটে রবিবার জানানো হয়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সোহায়বুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়ায় ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ আলী ও মোঃ সারোয়াল কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে। আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়া পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ডিএক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের খাসপাড়া আগরপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুল হক’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ফেনসিডিল ডিএক্সসহ ভোলাহাট উপজেলার পাঁচ টিকরী (হাঁসপুকুর) এলাকার ফিরজ আলী (৪৬), হাউসপুর এলাকার রাজু (২৮) এবং একই এলাকার সাইরুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।