বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতির চর্চায় শিশু-কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ই  অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন এবং ইসলামিক ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা। প্রতিযোগিতায় শিশু-কিশোরদের ধর্মীয় জ্ঞান, সৃজনশীলতা, সাংস্কৃতিক প্রতিভা ও উপস্থাপনার দক্ষতা বিকাশে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ক্বিরাত, আযান, হামদ, নাতে রাসুল (সা.),


কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা ও ইসলামী জ্ঞানবিষয়ক প্রতিযোগিতা। এসব বিষয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরে। আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল। এর মধ্যে গ্রুপ ‘ক’-তে ছাত্রছাত্রী মিলিয়ে ২০ জন, গ্রুপ ‘খ’-তে ২০ জন ছাত্র এবং গ্রুপ ‘খ’-তে ২০ জন ছাত্রীসহ মোট ৬০ জন বিজয়ী। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা জোগানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী শিশু-কিশোরদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা,


শিষ্টাচার, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন, শুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন তিলাওয়াত, আযান পরিবেশন, কবিতা আবৃত্তি এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হতে উৎসাহিত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ. বি. এম. জি. কিবরিয়া,


ফিল্ড সুপারভাইজার আবু সউদ ও মুহাম্মদ শরিফুল ইসলামসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।