বুধবার, অক্টোবর ১৪, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াপাড়া ও ক্লাবের হাটে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্যে সার বিক্রি, লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে তাঁদের এ জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে বেড়াপাড়ার খুচরা সার বিক্রেতা মো. মজিবুর রহমানকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই ইউনিয়নের ক্লাবের হাটে লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও কৃষি উপকরণের সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও বীজের বাজারে অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।