শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম এবং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন। আয়োজকেরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা। দৈনন্দিন জীবনে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।