‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’॥ নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে (২৪ জুলাই) নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন। নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ থেকে অক্সিজেন পাই। অক্সিজেনের চাহিদা পূরণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছের চারা রোপণের কাজ শুরু করেছেন। আমরাও প্রত্যেকে একটি করে গাছের চারা লাগিয়ে সরকার প্রধানের এই উদ্যোগের পাশে দাঁড়াই। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার বলেন, জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে মেলায় ৫২টি স্টল স্থান পেয়েছে। দেশি বিদেশী বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা পাওয়া যাবে মেলায়।