চাঁপাইনবাবগঞ্জে শিবিরের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে শহর শাখাকে পরাজিত করে পৌরসভা পশ্চিম শাখা ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে রাণিহাটি শাখাকে হারিয়ে হেফজুল মাদ্রাসা শাখা ফাইনাল নিশ্চিত করে। পরে ফাইনাল খেলায় পৌর পশ্চিম শাখাকে ১-০ গোলে পরাজিত করে হেফজুল মাদ্রাসা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি (আসাদ)। প্রধান অতিথি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “জুলাই আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের তরুণ সমাজকে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমরা চাই, জুলাইয়ের চেতনা শুধু বক্তব্য ও স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের তরুণদের চরিত্র, কর্ম ও জীবনে প্রতিফলিত হোক। তিনি আরোও বলেন, ইসলাম খেলাধুলার বিরোধী নয় বরং সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার গুরুত্ব রয়েছে। একজন তরুণকে যেমন ইবাদত ও নৈতিকতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে, তেমনি মাঠেও তাকে শৃঙ্খলা, সততা, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের পরিচয় দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু শিক্ষাঙ্গনে নয়, তরুণদের সার্বিক উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনের অংশ হিসেবে খেলাধুলার মাঠেও থাকতে চায়। তিনি আরেও বলেন, আমরা চাই আমাদের তরুণরা মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মাঠে আসুক খেলাধুলায় অংশ নিক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। জুলাইয়ের আত্মত্যাগের চেতনা, ইসলামের নৈতিক শিক্ষা এবং খেলাধুলার শৃঙ্খলাকে ধারণ করে একটি সুন্দর, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রশিবির তরুণদের পাশে থাকবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩ হাজার টাকাসহ ট্রফি ও মেডেল এবং রানার্সআপ দলকে ২ হাজার টাকাসহ ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিগণ। জুলাই শহীদদের স্মৃতিকে ধারণ এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।