যারা ফ্যামিলি কার্ডকে ভুয়া বলেছিলেন-তারাই তথ্য সংগ্রহে আবেদন করছেন-ড. সাইমুম পারভেজ
‘যারা ফ্যামিলি কার্ড কমসূচিকে ভুয়া বলেছিলেন, তারাই আজ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ নেয়ার জন্য আবেদন করছেন’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মনে রাখতে হবে আমরা কাজ করার দলে। কাজ করে বাংলাদেশে একটি নতুন জোয়ার তৈরি করতে হবে। সেই জোয়ারে বিরোধী দল ভেসে যাবে। ড. সাইমুম পারভেজ আরও বলেন, জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মাষ্টারমাইন্ড একক কেউ নয়। এই আন্দোলনের মাষ্টারমাইন্ড সাধারণ জনতা। শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টুসহ অন্যরা। এসময় উপজেলার বিভিন্ন স্থানের বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।