শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন এবং শপথ বাক্যপাঠ অনুষ্ঠান হয়। সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, সত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানী, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান, এলাকার বিশিষ্ট সবাজ সেবক মোঃ নজরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হিমেল ও গালিবা মেহজাবীন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক শুধু নিজেকে নয় একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে আমদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক গ্রহণের ফলে ফুসফুস, হৃপিন্ড, যকৃত নষ্ট হয়ে যায়। মাদক সেবনে নিজের, পরিবার এবং রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনে না ববং তা সবার জন্য ক্ষতিকর এবং সবাই মাদকসেবীকে ঘৃণার চোখে দেখে, কেউ তাদেরকে সম্মান করে না। মাদক ব্যবসায়ীর তথ্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেয়ার জন্য বলেন। বিশেষ অতিথি ও জনপ্রতিনিধিরা বলেন, মাদক গ্রহণের ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হচ্ছে। তরুণ প্রজন্মের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে ডোপ টেস্ট চালু করেছেন। যে সকল শিক্ষার্থীদের শরীরে রক্তে মাদকের উপসর্গ দেখা দিবে, সেই সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি বিভিন্ন সরকারি চাকুরী হতে বঞ্চিত হবে। মাদকের এই ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহবান জানান এবং সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ০৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।