বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৭

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : আবু জাফর নামে এক ব্যক্তি গ্রেপ্তার

দর্পণ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন আন্তর্জাতিক
দর্পণ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : আবু জাফর নামে এক ব্যক্তি গ্রেপ্তার

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’ তার নামেই ইজারা (লিজ) নেওয়া হয়েছিল। গতকাল বুধবার রাতেই তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনও সন্ধান মেলেনি। আবু জাফর উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা। গত রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, আটক হওয়া দু’জনের মধ্যে শিখা ইনের পাশের হোটেল  ‘যাপন’-এর কর্মী আছেন। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই হোটেল ‘যাপন’ এবং এই হোটেলটির বীরেশ্বর মিত্র। এদিকে অগ্নিকাণ্ডের পরে মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল এবং ৪টি রেস্তরাঁকে আগুন সুরক্ষাবিধি না-মানার অভিযোগে ‘শো-কজ’ করেছে দমকল দপ্তর। ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস চলছিল। প্রতিটিতে ঘুপচি ঘুপচি ঘর। ওই ভবনেরই তিনতলায় ১১০০ বর্গফুট জায়গা জুড়ে চলছিল হোটেল ‘শিখা ইন’। বিস্তর গলদ এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে এই হোটেল ঘিরে। দু’কামরা ফ্ল্যাটের সমান জায়গায় ছিল খুপরি পাঁচটা ঘর। মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯জন। তাদের মধ্যে অন্তত পাঁচ জন বাংলাদেশি। দমকলের সদর দফতর থেকে ঢিলছোড়া দূরত্বে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবারই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওই সিট গত রাতেই আটক করে ‘শিখা ইন’-এর লিজ হোল্ডার আবু জাফরকে। ‘শিখা ইন’-সহ ওই ভবনে যেসব হোটেল চলত, সেগুলো সুরক্ষাবিধি না মেনেই গজিয়ে উঠেছিল বলে অভিযোগ উঠেছে। আবাসিক ভবনকে বেআইনি ভাবে বাণিজ্যিক ভবনে পরিণত করা হয়েছিল বলেও অভিযোগ। পূর্বতন সরকার এবং পুরসভার তৎকালীন কর্তৃপক্ষ কী করছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পূর্বতন সরকারের ‘অবহেলাকেই’ দায়ী করেছেন এ অগ্নিকাণ্ডের জন্য। তার অভিযোগ, আগের সরকার ইচ্ছাকৃত ভাবে এই বিষয়গুলো থেকে নজর ঘুরিয়ে রেখেছিল।