শিবগঞ্জে ১১ টিয়া পাখি অবমুক্ত ॥ শিকারের সরঞ্জাম ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। একই সঙ্গে পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে টিয়া পাখি ও শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৬ আগস্ট শিবগঞ্জে পাখি শিকারের দায়ে একজনকে জরিমানা এবং কয়েকটি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছিল।