ভালুকায় বিদ্যুৎ লাইন সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় নতুন ঘরে লাইন সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ঠে সহোদর দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার শাহাবুদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭), ফাতেমা (৩)। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের শাহাবুদ্দিন নতুন টিনশেড ঘর তুলেছেন। ওই ঘরে নতুন ঘরে বিদ্যুৎ নেয়ার জন্য লাইন টানা হচ্ছিল। ওই তারের লিকেজ থেকে স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ওই সময় দুই শিশু ঘরের ভিতরে ছিল। দরজা খোলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলেই মারা যায়। ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেয়া হয়েছে।