জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন চায়ের টং ঘরের পিছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকোয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটো ভ্যান চালাতেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে বের হন। কিন্ত রাত গভীর হলেও বাড়িতে সে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এসময় তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে চা টংয়ের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাটিয়েছে।