শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার আলিমনগর ঘাট থেকে নারায়ণপুর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রানা (৩০) এবং মাহাতাব উদ্দিনের ছেলে মো. মংলু (৩৫)। অভিযান চলাকালে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে তাঁদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া নৌ-পুলিশ ও বিজিবির একটি করে দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ”মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন এ অভিযান পরিচালনা করে।