শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০টি পূজামণ্ডপের দায়িত্বে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য
আসন্ন শারদীয় দুর্গাপূজা/২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষে জেলার ২০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত ১০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। বাকি ২ প্লাটুন সদস্য ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষিত হিসেবে রাখা হবে,
যাতে প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যায়। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সব পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, পূজামণ্ডপ এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ৫৩ বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।