শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ক্ষতি ৩৫ লাখ টাকা

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২৫ অপরাহ্ন
গোমস্তাপুরে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ক্ষতি ৩৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি বিস্কুট ও ব্রেড তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন ‘সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি’তে এ আগুন লাগে। এতে কারখানার প্রস্তুতকৃত পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষ ও স্থানীয়রা। কারখানাটি স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (ভাদু)-এর মালিকানাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের আলো ও উত্তাপ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয় বলে স্থানীয়রা জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার চুলা বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকালে কারখানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুড়ে যাওয়া মালামাল ও যন্ত্রপাতির চিত্র দেখা যায়। মালিকপক্ষ ও স্থানীয়দের দাবি, আগুনে কারখানার উৎপাদিত বিস্কুট ও ব্রেড, মূল্যবান কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এ অগ্নিকাণ্ডে কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।