গাজীপুরে সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত ॥ জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ ও ক্ষোভ
গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাউন্ড গ্রেনেডে দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইনের গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম ও মহাসচিব ঈশিতা হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয় বরং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে পেশাগত দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক যদি সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। নেতৃবৃন্দ বলেন, শ্রমিক আন্দোলন কিংবা যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনার সময় সংবাদকর্মীদের অবস্থান ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের পরিচয় ও পেশাগত অবস্থান বিবেচনায় না নিয়ে বলপ্রয়োগের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিবৃতিতে আহত সাংবাদিক মামুন হোসাইনের উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ, প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরিস্থিতি, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ভূমিকা এবং সাংবাদিক আহত হওয়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। চেয়ারম্যান লায়ন নুর ইসলাম ও মহাসচিব ঈশিতা হাসান আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি পেশাগত অধিকার। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় মাঠপর্যায়ে সাংবাদিকতা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। জাতীয় সাংবাদিক সংস্থা আহত সাংবাদিক মামুন হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।