শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

ভালুকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন
ভালুকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩)। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্কয়ার ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। এসময় বাসের একজন কর্মী ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভালুকা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার গ্লাস ভেঙে পুড়ে গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে একই এলাকায় সাবেক জেলা পরিষদ সদস্যের( মোস্তফা কামাল) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলী ছেলে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুন লাগার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ করেন। তিনি বলেন, বাসের ভেতরের সিট ও জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইঞ্জিনে কোনো ক্ষতি হয়নি। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, বাসের মালিক শফিকুল ইসলামের দাবি সম্পূর্ণ বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে গাড়িটি কেনা হয়েছিল। গাড়ির কাজ করানোসহ প্রায় ২১ লাখ টাকার লোন রয়েছে। আগুনের ঘটনায় সম্পূর্ণ বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।