গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
“সুস্থ প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গোদাগাড়ীর যৌথ আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেরিনারি চিকিৎসক, খামারি, নারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ লেখা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। ব্যানারে প্রাণিসম্পদের মাধ্যমে পুষ্টি, আমিষের চাহিদা পূরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের বার্তা তুলে ধরা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। এজন্য খামারিদের নিয়মিত টিকা প্রদান, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও জৈব নিরাপত্তা মেনে চলার আহ্বান জানান বক্তারা।