শনিবার, নভেম্বর ২৮, ২০২৭

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন ও আইনশৃঙ্খলা কমিটির সভা

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন
গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন ও আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ চৌধুরী,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী এবং রহনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় রহনপুর পৌর এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মূল এবং সড়কে ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।