শনিবার, নভেম্বর ২৮, ২০২৭
কৃষকের বাড়তি দুর্ভোগ-খড় সংরক্ষণেও বিপাকে

চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে আমনের পাশাপাশি খড়েরও ক্ষতি ॥ গবাদিপশু খাদ্যসংকটের শঙ্কা

মুঃ শফিকুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি) ২৭ নভেম্বর ২০২৬ ০৪:৪০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
মুঃ শফিকুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি) ২৭ নভেম্বর ২০২৬ ০৪:৪০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে আমনের পাশাপাশি খড়েরও ক্ষতি ॥ গবাদিপশু খাদ্যসংকটের শঙ্কা

চলতি রোপা আমন ধান কাটা-মাড়াই মৌসুমে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঘরে তোলার পাশাপাশি এবার খড় সংগ্রহ ও সংরক্ষণ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা। বৃষ্টিতে ভিজে খড়ের রং নষ্ট হওয়া, পচন ধরা এবং শুকাতে না পারায় খড়ের মান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আগামী দিনগুলোতে গবাদিপশুর খাদ্য জোগান নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। কৃষকের কাছে ধান যেমন প্রধান খাদ্যশস্য, তেমনি ধানের খড়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বিশেষ করে গ্রামাঞ্চলে গরু-ছাগলের খাদ্য হিসেবে খড়ের ব্যাপক ব্যবহার রয়েছে। সারা বছরের জন্য কৃষকেরা ধান কাটার পর খড় সংগ্রহ করে শুকিয়ে বাড়ির আঙিনা কিংবা নির্ধারিত স্থানে বড় বড় পালা তৈরি করে সংরক্ষণ করেন। কিন্তু এবার মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টির কারণে সেই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সরেজমিনে দেখা যায়, ধান কাটার পর কৃষকেরা খড়ের ছোট ছোট আঁটি না বেঁধে অনেক ক্ষেত্রে বড় বড় আঁটি বা গুচ্ছ তৈরি করছেন। এরপর মাড়াইযন্ত্রের সাহায্যে কিংবা গবাদিপশু দিয়ে ধান মাড়াই করে ধান থেকে খড় আলাদা করা হচ্ছে। সংগৃহীত খড় শুকিয়ে একত্র করে তৈরি করা হচ্ছে বড় বড় খড়ের পালা। এসব পালা গ্রামীণ কৃষিজীবনের পরিচিত দৃশ্য হলেও এবার বৃষ্টিতে ভিজে যাওয়ায় খড় শুকানো ও নিরাপদে সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। কৃষকদের আশঙ্কা, ভেজা খড় যথাসময়ে শুকাতে না পারলে এর ভেতরে আর্দ্রতা থেকে যাবে। এতে খড়ের স্বাভাবিক রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি পচন ধরতে পারে। বিশেষ করে বড় আকারের খড়ের পালার ভেতরে পানি ও আর্দ্রতা আটকে থাকলে তা দীর্ঘদিন ভালো রাখা কঠিন হয়ে পড়ে। ফলে শুধু ধান নয়,


গবাদিপশুর জন্য সারা বছরের খাদ্য মজুত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি ৩ দশমিক ৬ টন হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৮ মেট্রিক টন। ১৯ নভেম্বর পর্যন্ত জেলায় ধান কাটার অগ্রগতি ছিল ২২ শতাংশ। ফলে ধান কাটা ও মাড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে কৃষকের দুর্ভোগ বেড়েছে। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত তথ্যে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ৬৪২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খড়ের ক্ষয়ক্ষতির পৃথক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। কৃষি সংশ্লিষ্টদের মতে, ধান ও খড় উভয়ই কৃষকের অর্থনৈতিক সম্পদ। ধানের ক্ষতির পাশাপাশি খড়ের গুণগত মান নষ্ট হলে কৃষককে বাড়তি খরচে গবাদিপশুর খাদ্য সংগ্রহ করতে হতে পারে। বিশেষ করে যেসব পরিবার গবাদিপশু পালন করে দুধ ও অন্যান্য উৎপাদনের মাধ্যমে বাড়তি আয় করেন, তাদের ওপরও এর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় কৃষকদের দাবি, মাঠপর্যায়ে ধান ও খড়ের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত খড় শুকিয়ে নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। প্রকৃতির ওপর নির্ভরশীল কৃষকের কাছে ধানের প্রতিটি দানা যেমন মূল্যবান, তেমনি একটি খড়ও ফেলনা নয়। ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে খড়ের পালা তৈরির যে গ্রামীণ ঐতিহ্য জড়িয়ে আছে, বৈরী আবহাওয়ার কারণে এবার সেই আয়োজনেও পড়েছে অনিশ্চয়তার ছায়া।