নওগাঁয় জননী ছাত্রাবাস থেকে ছাত্রের মরদেহ উদ্ধার
নওগাঁ শহরের ডিগ্রি কলেজ এলাকার জননী ছাত্রাবাস থেকে ইমন হোসেন (২৫) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ইমন হোসেন মান্দা উপজেলার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ইমন নওগাঁ সরকারী ডিগ্রি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় ও নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরাজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরেন ইমন। রাতে সহপাঠীদের সাথে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে যায় ইমন।
এরপর দীর্ঘ সময়েও কক্ষের দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন সহপাঠীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে ইমন হোসেনের মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।