ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর গ্রামের ইমাননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিলাবাড়ী বিওপি থেকে হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইমাননগর বাজারে অভিযান চালায়। এ সময় ৩৩ পিস ইয়াবাসহ মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। আটক দুজনই ভোলাহাট উপজেলার রাধানগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি উরংপড়াবৎ ১২৫পপ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।