চট্টগ্রাম সিটি কলেজে ‘হামলার’ প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রাম সিটি কলেজে ‘শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, যে সময়ে দেশে সুস্থ ও সুন্দর রাজনৈতিক চর্চা হওয়ার কথা, সে সময়ে একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের রাজনীতি ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, আমরা দুঃখিত, মর্মাহত ও ক্ষুব্ধ। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান, তারা যেন সহিংসতার পথ থেকে ফিরে আসে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। চট্টগ্রাম সিটি কলেজে যে হামলার ঘটনা ঘটেছে, তা ন্যাক্কারজনক। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সহিংস রাজনীতি পরিহার করে স্বাভাবিক ধারায় না ফিরলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পাস অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ‘নষ্ট করায়’ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করছেন।