সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন
রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু। ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোদাগাড়ী উপজেলার দ্যা নিউজ অফিসে তিনি এ প্রতিবাদলিপি পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১২ অক্টোবর দুপুর ১২টার সময় তিনি গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে যান। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত থাকাকালীন কাকতালীয় ভাবে একই সময়ে ১১ দলীয় জোটের কিছু নেতা কর্মী উপস্থিত হোন। তাঁরা প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সার-ডিলার নিয়োগ সংক্রান্তে প্রশাসনের অনিয়মের অভিযোগ তুলে তাদের নিজস্ব ব্যানার মেলে প্রতিবাদ জানায়। সেখানে তিনি আগে থেকেই অবস্থান করায় তার ছবি বিভিন্ন ক্যামেরায় উঠে আসে। ফলশ্রুতিতে ১৩ অক্টোবর রাতের আধারে ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি তার নামেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের করা হয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি একজন কৃষক দলেরর নেতা হিসেবে কৃষকের স্বার্থে এবং জনসাধারণের পক্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, কোন প্রকার প্রশাসনিক নিয়ম ভঙ্গ বা ফটকে তালা দেওয়ার ঘটনার সাথে তিনি জড়িত নন। তিনি অনতিবিলম্বে তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দায় মুক্তি করার দাবি জানান। অন্যথায় মামলা প্রত্যাহার না করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।