শনিবার, নভেম্বর ২৮, ২০২৭

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে নবীনবরণ ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে নবীনবরণ ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে নবীনবরণ, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ‘সত্যের খোঁজে, যুক্তির পথে’ স্লোগানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনি উকিল মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহাফুজুল হাসান (ডন), ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের বিতার্কিকরা। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “বিতর্ক শুধু কথা বলার প্রতিযোগিতা নয়, এটি সত্য অনুসন্ধান, যুক্তি উপস্থাপন এবং অন্যের মতামতকে সম্মান করার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। একজন শিক্ষার্থীকে যোগ্য, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। আমি আশা করি, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাবে। শুধু বিজয়ী হওয়ার জন্য নয়, সত্যকে জানা, যুক্তির মাধ্যমে মত প্রকাশ করা এবং ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা নিয়ে সবাইকে বিতর্কচর্চায় এগিয়ে আসতে হবে। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।”আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা ফাইনাল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ আয়োজনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের বিতার্কিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।