শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন সারাদেশ
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন
সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই সনদ' বাস্তবায়ন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া উপজেলা ও পৌর  জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিলের মাধ্যমে শুরু হয়ে নাটোর-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমানুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আলী আকবর, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফসহ অন্য নেতারা। সমাবেশে  বক্তারা  বলেন,  "ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের সুফল পেতে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'জুলাই সনদ'-এর দাবিগুলো অবিলম্বে কার্যকর করতে হবে। বক্তারা আরও  বলেন, কোনো ধরনের জুলুম ও স্বৈরাচারী শাসন আর মেনে নেওয়া হবে না। দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে যাবে। মিছিল ও সমাবেশ শেষে সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।