নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে গণঅভ্যূত্থান দিবস পালিত
নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর মধ্যে বুধবার সকাল ১০টায় মুক্তির মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নাওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্ব স্ব সরকারি দপ্তরের পক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসন বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নুসহ জুলাই যোদ্ধা এবং ছাত্র সমন্বয়ক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত কল্যানমুলক রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখার আহবান জানানো হয়। এদিকে, গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয় নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ হাসানাত আলী'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোঃ ফজলে হুদা বাবুল এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ তারিকুল ইসলাম। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি খ ম আব্দুর রাকিব।